Apan Desh | আপন দেশ

রোজা ঘিরে সিন্ডিকেটের দৌরাত্ম্য, নিত্যপণ্যের বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

রোজা ঘিরে সিন্ডিকেটের দৌরাত্ম্য, নিত্যপণ্যের বাজারে আগুন

ছবি : আপন দেশ

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সেহরি খাওয়ার মধ্যেদিয়ে সিয়াম সাধনার এ মাস যাত্রা শুরু করেছে। সকল প্রকার অন্যায়, অবিচার ও পাপাচার থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনই রোজার মুল উদ্দেশ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী এ মাসকে অতি মুনাফা লাভের জন্য নির্ধারণ করেন। রোজাদারদের কষ্ট বাড়িয়ে তারা পণ্যের দাম কয়েক গুণ বাড়িয়ে দেন। এবারও তার ব্যাতিক্রম হয়নি।

যথারীতি রোজার অতি প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। সারাদিন রোজা রেখে রোজাদাররা ইফতারের সময় শরবত পান করেন। আর এ শরবতে লাগে লেবু। এ সময় এটির চাহিদা থাকে প্রচুর। সে সুযোগে লেবুর দাম কয়েক গুণ বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ফলে ১৫-২০ টাকা হালির লেবু এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। শুধু লেবুই নয়, বেগুন ও শসার দাম ছাড়িয়েছে ১০০ টাকার ঘর। 

ইফতারে বিশেষ চাহিদা থাকা ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মাল্টার দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। ফল কিনতে আসা ফারহানা ইয়াসমিন বলেন, বাচ্চাদের জন্য ফল নিতে হয়। কিন্তু এখন ফল কিনতে গেলে বাজেটের বাইরে চলে যাচ্ছে।

এছাড়া রমজানের প্রথম দিনেই বাজারে বেড়েছে সবজি, মুরগিসহ বিভিন্ন পণ্যের দাম। দুইদিনের ব্যবধানে শুধু ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ৫০ টাকা। ১৭০ টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। 

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিন একাধিক খুচরা বাজার ঘুরে দেখা যায়, কোনো কারণ ছাড়াই বেড়েছে নিত্যপণ্যের দাম। ৭-৮ টাকা দামের লেবু বিক্রি হচ্ছে প্রতি পিস ২৫-৩০ টাকায়। প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দামের বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। ৫০ টাকার শসা বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। ১৭০ টাকার ব্রয়লার মুরগি ২২০-২৩০ এবং ৩২০ টাকার সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। সোনালি মুরগির ক্ষেত্রে বছরের ব্যবধানে বৃদ্ধি স্পষ্ট। গরুর মাংসের বাজারেও ঊর্ধ্বগতি রয়েছে। 

বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। রোজার আগে একই পণ্য পাওয়া যেত ৭৫০-৭৮০ টাকায়। অর্থাৎ কেজিতে বেড়েছে ৫০ টাকা। তবে খাসির মাংসে বড় পরিবর্তন নেই। গত বছরের মতোই প্রতি কেজি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ১৬০ টাকায়।

আরও পড়ুন<<>>আজ কত টাকা ভরি বিক্রি হচ্ছে স্বর্ণ 

দাম বেড়েছে মসুর ও এঙ্কর ডালের। কেজিপ্রতি ১৩৫ টাকার ডাল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। মোটা দানার মসুর ডালের দাম আরও বেশি বেড়েছে। গত বছর যা ছিল ৮০, এখন তা ১০০ টাকায় উঠেছে। একইভাবে এঙ্কর ডাল গত বছর বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি দরে। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১১০ থেকে ১২০ টাকায়। অর্থাৎ এ পণ্যে এক বছরে বৃদ্ধি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা। 

রমজানের শুরুর দিন আটা, সয়াবিন তেল ও পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। রমজানের দুইদিন আগে দুই কেজির প্যাকেট আটা বিক্রি হয়েছিল ১০০ টাকায়। এ বছর তা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সয়াবিন তেলের দামও বেড়েছে। প্রতি লিটার ১৮৫ থেকে বেড়ে হয়েছে ১৯৫ টাকা। পেঁয়াজের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। কেজিপ্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ছোলার দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। পাইকারি বাজারে ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ এবং খুচরা বাজারে ৯৫ থেকে ১০০ টাকায়। পাইকারি বাজারে নিুমানের ছোলা ৮০ টাকায়। 

ব্যবসায়ীরা জানান, এবার অস্ট্রেলিয়ায় ছোলার দাম কম এবং ডলার সংকট না থাকায় প্রচুর ছোলা এসেছে। যথেষ্ট এলসি খোলা হয়েছে। কোনো সংকট হবে না। পর্যাপ্ত ছোলা আছে বাজারে। রমজানের চাহিদা মিটিয়ে আরও কয়েক মাস খেতে পারবে মানুষ। ২০২৫ সালের জুলাইয়ে ছোলা এসেছে ৪৯৮ টন, আগস্টে ৮৮৩ টন, সেপ্টেম্বরে ৮৭০ টন, অক্টোবরে ৫ হাজার ১৭৭ টন, নভেম্বরে ৪২ হাজার ৩৪৩ টন, ডিসেম্বরে ৫৭ হাজার ৪৬১ টন, জানুয়ারিতে ৭৯ হাজার ৭৭১ টন এবং ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ (পর্যন্ত) ৭ হাজার ৭৯৫ টন।

শুল্ক হ্রাসের পর খেজুরের দাম কমানোর কথা ছিল। কিন্তু উলটো দাম আরও বেড়েছে। যদিও ভোক্তাদের স্বস্তি দিতে গত বছরের মতো এবারও শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানো হয়েছে। তবুও খুচরা বাজারে দাম কমেনি। বরং বেশির ভাগ জনপ্রিয় খেজুরেই বেড়েছে দর। রমজানের আগে দাবাস খেজুরের দাম ছিল ৪৯০ থেকে ৫০০ টাকা। 

এখন বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৭০, বরই খেজুর ৪৮০ থেকে ৫০০, কালমি ৭০০, সুক্কারি ৮০০, মাবরুম ৮৫০ থেকে ১২০০, মরিয়ম ১১০০ থেকে ১৪০০ এবং মেডজুল ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব খেজুরের দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়