Apan Desh | আপন দেশ

বৈদেশিক সহায়তার দ্বিগুণেরও বেশি ঋণ পরিশোধে ব্যয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৩, ২৬ অক্টোবর ২০২৬

বৈদেশিক সহায়তার দ্বিগুণেরও বেশি ঋণ পরিশোধে ব্যয় বাংলাদেশের

ছবি: আপন দেশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বৈদেশিক ঋণ পরিশোধের চাপে পড়েছে বাংলাদেশ। অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) যে পরিমাণ বৈদেশিক সহায়তা এসেছে, তার দ্বিগুণেরও বেশি অর্থ ব্যয় হয়েছে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে। 

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বৃদ্ধির এ তথ্য উঠে এসেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হিসাব অনুযায়ী, অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১ হাজার ৩৫১ দশমিক ২৩ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৬ হাজার ৬৪৬ কোটি ৪৬ লাখ টাকা। বিপরীতে এ সময়ে বৈদেশিক সহায়তা ছাড়ের পরিমাণ ছিল ৬৬২ দশমিক ৩১ মিলিয়ন ডলার। ফলে বৈদেশিক সম্পদের নিট প্রবাহ উল্লেখযোগ্যভাবে ঋণাত্মক হয়ে পড়েছে।

আরও পড়ুন <> সিকদার গ্রুপের বিলিয়ন ডলার পাচার, বিপাকে ১১ ব্যাংক

ইআরডির প্রতিবেদনে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে ১ দশমিক ৩৫১ বিলিয়ন ডলার। গেল অর্থবছরের একই সময়ে এ ব্যয়ের পরিমাণ ছিল ১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের ব্যয় বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট ঋণ পরিশোধের মধ্যে আসল বাবদ দেয়া হয়েছে ৮৫৮ দশমিক ৯২ মিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ৮১৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

একই সময়ে ঋণের সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে সুদ বাবদ ৪৬২ দশমিক ৯৬ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪৯২ দশমিক ৩১ মিলিয়ন ডলারে।

২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশকে ৬৬২ দশমিক ৩১ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ অর্থছাড়ের পরিমাণ ছিল ১১৪৮.৫৯ মিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে প্রায় ৪২ দশমিক ৩ শতাংশ বা ৪৮৬ দশমিক ২৮ মিলিয়ন ডলার।

চলতি বছরের প্রথম প্রান্তিকে ছাড় করা বৈদেশিক সহায়তার মধ্যে ঋণ হিসেবে এসেছে ৫৪১ দশমিক ৭৪ মিলিয়ন ডলার। 

অন্যদিকে অনুদান হিসেবে পাওয়া গেছে ১১০ দশমিক ৫৭ মিলিয়ন ডলার। 

এ পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের প্রথম তিন মাসে বৈদেশিক সহায়তা থেকে পাওয়া অর্থের দ্বিগুণেরও বেশি ব্যয় হয়েছে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়