ছবি: আপন দেশ
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
পতাকা উত্তোলন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। দেশের মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করেছেন। দেশকে হানাদারমুক্ত করতেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তার দেখানো পথে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ বা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য অতীতে তিনি অনেক পরীক্ষা দিয়েছেন এবং স্বাধীনতাযুদ্ধে সর্বোচ্চ অবদান রেখেছেন। জিয়াউর রহমানকে সামনে নিয়েই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল।
আরও পড়ুন<<>>ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-শিশুসন্তানসহ নিহত ৪
সমাবেশ শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































