Apan Desh | আপন দেশ

ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-শিশুসন্তানসহ নিহত ৪

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:২১, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৫, ৭ নভেম্বর ২০২৬

ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-শিশুসন্তানসহ নিহত ৪

ছবি: আপন দেশ

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের তিনজন-স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুসন্তান রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (০৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী মেয়ে রিফা। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির নাম শওকত হাসান লিখন।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রের বরাতে তিনি বলেন, সকালে একটি ইজিবাইক মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল।

আরও পড়ুন<<>>সাতকানিয়ায় ডোবায় শিক্ষা সফরের বাস, নিহত ২

এ সময় জামালপুরগামী একটি ট্রাক প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়; পরে সামনে থাকা ইজিবাইককেও চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে তাতে থাকা শিশুসহ একই পরিবারের তিন যাত্রী নিহত হয়৷ আর মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মোটরসাইকেল আরোহী লিখনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি মাহমুদুল আরও বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়