ছবি: আপন দেশ
ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। চতুর্থ বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে।
শনিবার (০৭ নভেম্বর) সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে।
হৃদয় সেঞ্চুরির দেখা লাঞ্চের আগেই পেয়ে গিয়েছিলেন। এরপর থেকে তার ব্যাট চওড়া হয়েছে। তবে সময়ে সময়ে রয়ে-সয়েও খেলেছেন। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে তিনি একাই খেলেছেন ১১৮ টি ডেলিভারি। এ সময়ে তিনি রান তুলেছেন ৯০, যার ১০টি এসেছে শেষ দুই বলে। সেশনটা তিনি শেষ করেছিলেন ডাবল সেঞ্চুরি থেকে ১০ রানের দূরত্বে থেকে।
তৃতীয় সেশনে অপেক্ষাটা খুব বেশি বড় হতে দেননি হৃদয়। এসময়ে আরও একটি চার মেরেছেন, ১৫ বল খেলে পৌঁছে গেছেন ডাবল সেঞ্চুরিতে। তাতেই প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দেয়া প্রথম বাংলাদেশি ব্যাটার বনে গেছেন তিনি।
আরও পড়ুন <<>> ডাবলের পথে হৃদয়, আশা দেখছে বাংলাদেশ
প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ বছর পর এ রেকর্ডটি নিজের করে নেন হৃদয়, সেটাও অবশ্য দ্বিতীয় সেশনের ঘটনা।
তৃতীয় সেশনের শুরুতে এবার এমন এক কীর্তি গড়লেন, যা কখনোই দেখেনি বাংলাদেশ। এবার তার সামনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ইনিংস খেলার চ্যালেঞ্জ। আর ২০টি রান করলেই তিনি গড়ে ফেলবেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট স্কোরের রেকর্ড। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করে এ রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































