হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি দীর্ঘদিন যাবৎ রক্তশূন্যতায় ভুগছেন।
অসুস্থতাবোধ করায় বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন। তার শরীরে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায়ও যোগ দেন তিনি। বুধবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে।
০৯:০৪ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার