Apan Desh | আপন দেশ

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৮, ২৮ অক্টোবর ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হাসপাতালের মালামাল ভাংচুরের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উত্তর তেমুহনী থেকে শাহেদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহবায়ক। ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আরও পড়ুন<<>>‘দালাল চক্র ফ্যাসিস্ট আমলের সৃষ্টি, ১৫১ শয্যার হচ্ছে উপজেলা হাসপাতাল’

সদর থানা সূত্রে জানা যায়, জুয়েলকে পেটানোর ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যম ও স্যোশাল মিডিয়ায় প্রকাশিত হয়। এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়।

একই দিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। এতে শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করা হয়। 

মামলায় উল্লেখ করা হয়, একটি মোবাইল ফোন বেচাকেনা নিয়ে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) রাতে সাহাপুর এলাকায় বৈঠক হয়। সেখানে জুয়েলের ওপর হামলা করা হয়। এসময় তাকে লাঠি দিয়ে পেটানো হয়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের হামলা হয়। এসময় জুয়েলকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়