Apan Desh | আপন দেশ

গ্রেফতার ছাত্রলীগ নেতাকে ছিনতাই, ২৭ জনের বিরুদ্ধে মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১১, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৩৩, ২৪ অক্টোবর ২০২৬

গ্রেফতার ছাত্রলীগ নেতাকে ছিনতাই, ২৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি: আপন দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে(৩০) ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। শাহীন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের বাসিন্দা। 

শনিবার (২৪ অক্টোবর) আঠারবাড়ী রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপসহকারী পুলিশ পরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে আরশাদুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সদস্যদের মারধর ও তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা একাধিক মামলার আসামি রিয়াজুল আলম শাহিনের অবস্থান জানতে পারেন। পরে ঈশ্বরগঞ্জ থানার ওসির নির্দেশে তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। শাহিনকে গ্রেফতারের পর ভাড়ায় নেয়া সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নিয়ে যাওয়ার পথে একদল ব্যক্তি পুলিশের পথরোধ করেন। 

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা

পুলিশের অভিযোগ, এ সময় তারা গ্রেফতারে বাধা দেয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন। পরে সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর করে পুলিশের হেফাজত থেকে শাহিনকে ছিনিয়ে নিয়ে যান।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে ওয়াসীম মিয়া (২৬) ও এমদাদুল হক (৪৫) নামের দুজনকে গ্রেফতার করা হয়। আহত পুলিশ সদস্যরা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় শনিবার ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে গ্রেফতার হওয়া দুজনসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্তরঙ্গ ক্লাবের কয়েকজন সদস্যসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষকে আসামি করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়