Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ২৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা

ছবি: আপন দেশ

নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

গ্রেফতার আবু হুরায়রা সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া থানা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

আরও পড়ুন<<>>অভিযোগ ছাড়াই চাঁদাবাজির মামলা হবে: আইজিপি

পুলিশের ভাষ্য অনুযায়ী, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেয়া এবং বিএনপিতে পদ ও মনোনয়ন দেয়ার আশ্বাস দেন। তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা বা অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, হোয়াটসঅ্যাপে যোগাযোগের পর বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা লেনদেন করতেন তিনি।

পুলিশ সুপার  জানান, আবু হুরায়রা বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। সেখানেও প্রতারণার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

পুলিশের দাবি, তার প্রতারণার বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়