Apan Desh | আপন দেশ

‘সমান সুযোগ না হলে স্থানীয় নির্বাচনে অংশ নেবে না জামায়াত’

মৌলভীবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৭, ২৪ অক্টোবর ২০২৬

‘সমান সুযোগ না হলে স্থানীয় নির্বাচনে অংশ নেবে না জামায়াত’

ছবি: আপন দেশ

নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দলীয় পক্ষপাত, ভয়ভীতি ও সরকারি বরাদ্দ নিয়ে হুমকির মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াত কারও স্কেপগোট হতে চায় না, বরং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়তে চায়।

স্থানীয় নির্বাচন নিয়ে শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনও ভালো লক্ষণ দেখছি না। সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি। বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের এডিশনাল সেক্রেটারি হিসেবে বসানো হয়েছে। একজন দলীয় লোককে কেন আনতে হবে, এমন প্রশ্ন জনগণের।

জাতীয় সংসদের চিফ হুইপের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, যে এলাকায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে সরকারি বরাদ্দ দেয়া হবে না বলে চিফ হুইপ মন্তব্য করেছেন। এটা লজ্জার বিষয়। তার মানে আগে থেকে জনগণকে ভয় দেখানো হচ্ছে। 

আরও পড়ুন<<>>‘বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ’

তিনি বলেন, এরকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। তবে নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত আমরা চাইব। যখন লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব।

শফিকুর রহমান আরও বলেন, আমরা কারও স্কেপগোট হতে চাই না। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই। আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সে ক্ষমতায় যাবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। তিনি সকল মন্ত্রণালয়ে সার্ভিস দেন। তার প্রাইম ডিউটি হচ্ছে নিজের মন্ত্রণালয় লুক আফটার করা।

তিনি অভিযোগ করেন, না তিনি মাদক নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন, না তিনি সমাজে শৃঙ্খলা ফিরাতে পারলেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেয়া বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান প্রশ্ন করেন, এ আগের চেয়ে ভালোর মাপকাঠি কী, তা আজ পর্যন্ত বুঝতে পারলাম না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়