ছবি: আপন দেশ
শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়-প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা বিষয়ক অধিদফতর, রাজশাহীর আয়োজনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদফতর, রাজশাহীর উপপরিচালক ইসরাত জাহানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং সমান সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বাল্যবিয়ে একটি কন্যাশিশুর শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন<<>>ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
তিনি আরও বলেন, প্রতিটি কন্যাশিশুকে আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দেয়া এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠিত হলে একটি সচেতন, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকা রয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, শিক্ষার সমান সুযোগ নিশ্চিত এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ১৩০ জনের মাঝে ২৩ লাখ ৫৩ হাজার টাকা বিতরণ
আলোচনা সভা শেষে ২০২৫-২০২৬ অর্থবছরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদানের অর্থ বিতরণ করা হয়। এ সময় মোট ১৩০ জনের মাঝে ২৩ লাখ ৫৩ হাজার টাকা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের মাধ্যমে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহবান জানানো হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































