ছবি: আপন দেশ
পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র দলকে সাজেক থেকে বিতাড়িত করার দাবিতে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ অবশেষে প্রত্যাহার করে নিয়েছে সাজেক কার্বারী এসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।
রোববার (১১অক্টোবর) সন্ধ্যার দিকে সংগঠন দু’টি অবরোধ প্রত্যাহারের বিষয়টি একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
তবে অবরোধ প্রত্যাহার করা হলেও রোববার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন স্পট বন্ধ ঘোষণা করলো রাঙামাটি জেলা প্রশাসন।
একইসঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫ টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো। এ বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন<<>>অবরোধ প্রত্যাহার, সাজেক ছাড়লেন হাজারো পর্যটক
এদিকে রোববার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং ও অবরোধ করেছিল সংগঠন দু’টির সমর্থকরা। যে কারণে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।
অবরোধের কারণে সাজেকে সকাল থেকে কোন পর্যটন প্রবেশ কিংবা বের হতে পারিনি। তবে রোববার হঠাৎ সন্ধ্যায় অনির্দিষ্টকালের অবরোধ আগামী দু’দিন অর্থাৎ ১২ এবং ১৩অক্টোবর স্থগিত করেছে সংগঠনগুলো।
এদিকে দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর বিশেষ এসকর্টের সহায়তায় সাজেক ছেড়েছেন আটকে পড়া প্রায় ১ হাজার ২০০ পর্যটক এবং সাজেকে নতুন করে প্রবেশ করেছে ৫৮টি চাঁদের গাড়িসহ (জিপ) শতাধিক পরিবহন। এসব পরিবহনে করে প্রায় এক হাজার পর্যটক সাজেকে পৌঁছেছেন বলে জানা গেছে।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, দুপুরে পর্যটকরা বিশেষ নিরাপত্তায় সাজেক ছেড়েছেন এবং আরও পর্যটকবাহী যান সাজেকে প্রবেশ করেছে। তবে সাজেকে প্রবেশ করা পর্যটকের সংখ্যা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। বর্তমানে সাজেকে কোন পর্যটক আটকা নেই। প্রশাসন চারদিক নজর রাখছে, আমরা বৈঠকে আছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































