Apan Desh | আপন দেশ

লালন তিরোধান দিবস ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩১, ১১ অক্টোবর ২০২৬

লালন তিরোধান দিবস ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ছবি: আপন দেশ

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস ৭ দিন পরেই। তিরোধান দিবস উপলক্ষে উৎসবের আমেজে বদলাতে শুরু করেছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালনধাম।

এরইমধ্যে মাজার প্রাঙ্গণে চলছে রং ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ। উৎসবকে ঘিরে বিভিন্ন স্থান থেকে দোকানিরা আসতে শুরু করেছেন। সব মিলিয়ে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে লালনধামের পরিবেশ।

রোববার (১১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, তিরোধান দিবসের আয়োজনকে সামনে রেখে লালন আখড়াবাড়ি ও মাজার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শ্রমিকরা বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকায় রঙের কাজ করছেন। পাশাপাশি উৎসব উপলক্ষে বসতে শুরু করেছে বিভিন্ন দোকান।

আগামী ১৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে স্মরণোৎসব হবে। দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। রঙের কাজ, মঞ্চ প্রস্তুতি, দোকানিদের আনাগোনা আর সাধু-ভক্তদের আগমনে এরইমধ্যে উৎসবের বার্তা দিতে শুরু করেছে লালনধাম।
আয়োজকরা জানান, আগামী কয়েক দিনের মধ্যেই লালনধাম পুরোপুরি উৎসবের রূপ নেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, বাউল ও লালনভক্তরা আসতে শুরু করায় প্রতিদিনই বাড়ছে আনাগোনা।

লালন অ্যাকাডেমির তিরোধান দিবস আয়োজক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, তিরোধান দিবসের আয়োজনকে সামনে রেখে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মঞ্চ, সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করা হবে। 

আরও পড়ুন<<>>পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে

লালনভক্ত সবুর বলেন, লালন সাঁইয়ের তিরোধান দিবস আমাদের কাছে শুধু একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার মিলনমেলা। প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন। এবারও আগেভাগেই লালনধামে আসতে শুরু করেছে। এখন থেকেই এখানে উৎসবের আবহ তৈরি হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, লালন তিরোধান দিবস শুধু কুষ্টিয়ার নয়, এটি বাংলাদেশের লোকসংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি আয়োজন।

তিনি বলেন, লালন তিরোধান দিবসে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ভক্ত ও দর্শনার্থীরা লালনধামে সমবেত হন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও কার্যক্রম নেয়া হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়