Apan Desh | আপন দেশ

পুলিশকে কামড় দিয়ে আসামির পালানোর চেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৪, ৩১ আগস্ট ২০২৬

পুলিশকে কামড় দিয়ে আসামির পালানোর চেষ্টা

ছবি : আপন দেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। এসময় পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দেয়ার অভিযোগ উঠেছে আসামি ও তার স্বজনদের বিরুদ্ধে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরণদ্বীপের মসজিদ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন বোয়ালখালী থানার এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) ও কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। তারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর কালডেঙ্গার শিকদারবাড়ি এলাকার বাসিন্দা মহিউদ্দিনের বিরুদ্ধে স্থানীয় আবদুল মান্নান আদালতে একটি নালিশি মামলা (সিআর মামলা) করেন। পরে আদালত মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, পরোয়ানার আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করতে যায় পুলিশ। এসময় তাকে গ্রেফতার করে হাতকড়া পরানো হয়। হাতকড়া পরানোর পর মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দিতে থাকেন।

আরও পড়ুন <<>> নোয়াখালীতে ডাকাত সন্দেহে তিনজনকে আটক

ধস্তাধস্তির মধ্যে মহিউদ্দিন পুলিশের কাছ থেকে পালিয়ে যান। তবে বেশি দূর যাওয়ার আগেই তাকে আবার ধরে ফেলেন পুলিশ সদস্যরা।

এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে মহিউদ্দিনের আত্মীয় গ্রাম পুলিশের সদস্য জেবল হোসেনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গেলে আসামি ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দিতে থাকেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়