ছবি: আপন দেশ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা বিএনপির কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধপূর্ব শত্রুতার জের ধরে ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সাময়িকভাবে পদ স্থগিত থাকা মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। রাত সাড়ে আটটার দিকে কামালপুর গ্রামে নিজের বাড়ির গেটের সামনে পৌঁছলে ৩/৪ জনের সশস্ত্র দুর্বৃত্তদল তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে এগারোটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত অপরজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন<<>>জলাবদ্ধ ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু
এদিকে হামলার সময় চাপাতিসহ এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। খবর পেয়ে রাতেই হাসপাতালে যান কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিকভাবে হামলায় তিনজন জড়িত এবং তারা সবাই ঢাকার বলে জানিয়েছে পুলিশ।
ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তবে হামলাকারীদের আটক করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত সেটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি বেড়িবাঁধ থেকে গাছ কাটার অভিযোগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাহিদুল আলম জাহাঙ্গীরের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































