ছবি: আপন দেশ
রাঙামাটি সদর হাসপাতালের ইতিহাসে প্রথমবার চালু হলো কলপোস্কোপি অপারেশন।
মঙ্গলবার (১৪ জুলাই) গাইনী বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান অভির তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়।
গাইনী বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান অভি বলেন, যাদের প্যাপ টেস্ট বা ভায়া টেস্টে কোনো অস্বাভাবিক কোষ বা সমস্যা ধরা পড়বে আমরা তাদের কলপোস্কোপি করাবো। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট পজিটিভ হলে, জরায়ুমুখে দীর্ঘদিন ধরে কোনো ইনফেকশন বা ক্ষত থাকলে, স্বাভাবিক পেলভিক পরীক্ষার সময় চিকিৎসক জরায়ুতে কোনো অস্বাভাবিকতা বা সমস্যা সন্দেহ করলে তাদেরও কলপোস্কোপি করানো হবে।
তিনি আরও বলেন, কলপোস্কোপি হলো জরায়ুমুখ, যোনি এবং ভালভা পরীক্ষা করার একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি। প্যাপ স্মিয়ার বা এইচপিভি পরীক্ষায় অস্বাভাবিক ফলাফল পাওয়া গেলে, জরায়ুমুখের ক্যানসার পূর্ববর্তী কোষ বা অন্যান্য সমস্যা শনাক্ত করতে 'কলপোস্কোপ' নামক একটি বিশেষ ম্যাগনিফাইং যন্ত্র ব্যবহার করে এ পরীক্ষা করা হয়।
আরও পড়ুন<<>>স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার
কলপোস্কোপি প্রয়োজনীয়তা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা বলছেন, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, কলপোস্কোপির মাধ্যমে জরায়ুমুখ (সারভিক্স), যোনিপথ এবং ভালভা (যোনিমুখ) পরীক্ষা করা হয়। প্যাপ স্মিয়ার বা এইচপিভি টেস্টের ফলাফল অস্বাভাবিক এলে এটি করা হয়। এর সাহায্যে জরায়ুমুখের ক্যান্সার, প্রাক-ক্যান্সার কোষ, পলিপ, যোনাঙ্গের আঁচিল (জেনিটাল ওয়ার্টস) এবং জরায়ুমুখের প্রদাহের (সার্ভিসাইটিস) মতো রোগ নির্ণয় করা যায়। বিশেষ করে অস্বাভাবিক রক্তপাত, পলিপ বা আঁচিলের মতো সমস্যাগুলো পরীক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকর।
রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, রাঙামাটি সদর হাসপাতালের ইতিহাসে প্রথম কলপোস্কোপি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সরকারের চিকিৎসা নির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে সরে এসে প্রতিরোধ নির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার নীতিগত সিদ্ধান্তকে সফল করতে এ চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকর। এখন থেকে রাঙামাটি সদর হাসপাতালে খুব সহজে কলপোস্কোপি জরায়ুমুখ, যোনি ও ভালভার অস্বাভাবিক কোষ পরীক্ষা নিয়মিত করা যাবে। এটি জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের একটি জীবন রক্ষাকারী পদক্ষেপ বলে জানান তিনি।
সিভিল সার্জন আরও বলেন,সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও নতুন নতুন সেবা চালুর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের উপর আস্থা রাখুন, সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সবসসময় ভালো কিছু করতে নিরলস প্রয়াস চালিয়ে যাব।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































