Apan Desh | আপন দেশ

এমপির গাড়ী ভাংচুর করেছে বিএনপি’র সম্পাদক

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৬, ১০ জুলাই ২০২৬

এমপির গাড়ী ভাংচুর করেছে বিএনপি’র সম্পাদক

ছবি: আপন দেশ

জামালপুর-২ (ইসলামপুর) আসনের এমপি ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সংশ্লিষ্টতার অভিযোগে পাল্টা হামলায় নবাবের গাড়িও ভাঙচুর করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে এমপি সুলতান মাহমুদ বাবুকে নিরাপদে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব শুরু থেকেই এমপির বাইরে একটি পৃথক বলয় গড়ে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। বিকেলে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানে এমপি উপস্থিত থাকাকালে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত ও পৌর বিএনপির নেতা হাসানকে মঞ্চ থেকে নেমে যেতে নির্দেশ দেন নুরুল ইসলাম নবাব।

এ নিয়ে সেখানে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় নতুন যোগদান করা ইউএনও সঙ্গে পরিচিত হতে জেলা পরিষদ ডাকবাংলোতে যান এমপি। অভিযোগ রয়েছে, ওই সময় একদল ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

আরও পড়ুন <<>> টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

এ ঘটনার পর এমপির সমর্থকরা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বক্তব্য পাওয়া যায়নি।

এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, এখানে কোনো গ্রুপ নেই। সে গ্রুপিং করবে কাকে নিয়ে? তার কোনো নেতাকর্মী আছে? হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে ওসিকে বলেছি।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি বর্তমানে ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানাব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়