ছবি: আপন দেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একই কলেজের পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে চারজন ছেলে ও একজন মেয়ে।
উপজেলার পৌর শহরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার (০৬ জুলাই) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন<<>>খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩
তিনি জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করেন। এ ঘটনায় মোট পাঁচ পরীক্ষার্থীকে বিধিমালা অনুযায়ী বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও।
বহিষ্কৃত পাঁচজনই উপজেলার সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।
অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, পরীক্ষার বিধিমালা অনুযায়ী ইউএনওর নির্দেশে পাঁচ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের রোল নম্বরগুলো যথাক্রমে ৪৩৭৮৩২, ৪৩৭৮৬৪, ৪৩৭৯২৭, ৪৩৭৮৩৯, ২১৪১৭৬।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিদিনই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। এ তদারকি অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































