Apan Desh | আপন দেশ

২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৮, ১৬ এপ্রিল ২০২৬

২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ছবি: আপন দেশ

মা-বাবা, ছোট দুই ভাই-বোনকে বেশি ভালোবাসেন এমন ধারনা থেকে এক প্রতারক কবিরাজ চক্রের স্মরনাপন্ন হন শেরপুর জেলার মোছা.লুবাবা (১২) নামের এক শিশু। ওই প্রতারক শিশুটির সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে হাতিয়ে নেয় প্রায় ২৭ ভরি স্বর্ণ ও নগদ অর্থ। বিষয়টি জানাজানি হলে  প্রতারণার এ বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছেন জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে প্রতারণার মুলহুতা মনির হোসেনকেও (২১) গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিটিআই) পুলিশ সুপার পংকজ দত্ত (পিপিএম) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু লুবাবা শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। প্রতারক মনির হোসেন জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চর যথার্থপুর চান্দাপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি মেড ইন জামালপুর নামের একটি পেইজের কন্টেন্ট ক্রিয়েটর।

জানা যায়, শেরপুর জেলা সদরের মাধবপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে কাপড় ব্যবসায়ী সাইদুর রহমানের তিন সন্তান। সাইদুর রহমান দম্পতি তার ছোট দুই সন্তানকে বেশি ভালোবাসেন এমন ধারনা সৃষ্টি হয় বড় মেয়ে লুবাবার। এ হতাশা থেকে ওই মেয়ে মা-বাবার অজান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিভাবে মা-বাবাকে আপন করে পাওয়া যায় সে বিষয়ে ভিডিও দেখা শুরু করেন। টিকটকে তান্ত্রিক পরিচয়ধারী জনৈক মো.খোরশেদ কবিরাজের সঙ্গে ওই শিশু মেয়ের পরিচয় হয়। সে পরিচয়ের সূত্র ধরে প্রতারক কবিরাজ তার সহকারী "কবিরাজ" নামের দুইটি ও "আল্লাহর দান" নামের একটি ইমু একাউন্টের মাধ্যমে ওই শিশু মেয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেন এবং সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন। এ বাবদ কবিরাজ ফি, একটি খাসি, চারটি জায়নামাজ, ৪ টি আগর বাতি, চারটি মোমবাতি, পাঁচ কেজি গরুর দুধ ও ফল এবং মন্ত্রের কাজ না হওয়ায় জোড় শুকর, দুই কেজি চন্দন কাঠ কেনার কথা বলে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা দাবি করে। যা গত ৬ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ধাপে ধাপে বিকাশে নিয়ে নেয়। এতেও কাজ না হলে ওই শিশুর মা-বাবার ব্যবহারের সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা কৌশলে হাতিয়ে নেয় ওই প্রতারক চক্র। এরপর পুনরায় টাকার দাবি করলে ওই শিশু টাকা পাঠাতে বিকাশের দোকানে গেলে দোকানী কম বয়স হওয়ায় তার বাবাকে বিষয়টি ফোনে জানান। 

শিশুর বাবা প্রতারণার বিষয়টা জানতে পেরে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি মো.মোস্তফা কামালের নজরে আসে। পরে তার নির্দেশে জামালপুর সিবিআই'র পুলিশ পংকজ দত্ত মামলার তদন্ত শুরু করেন। জামালপুর পিটিআই সদস্যদের কয়েকটি টিম মামলার রহস্য উদঘাটনের কাজ শুরু করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৯ এপ্রিল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এমসি এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর চান্দাপাড়া এলাকার মো.মোস্তফার ছেলে মো.মুছা মিয়া (২৯) ও একই এলাকার মৃত নবাব আলীর ছেলে মো.রফিকুল ইসলামকে (২৮) প্রথমেই গ্রেফতার করে সিবিআই সদস্যরা। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের মুলহোতা অবস্থান নিশ্চিত হয়। পরে ময়মনসিংহ কোতোয়ালি উপজেলার মাসকান্দা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো.মনির হোসেনকে গ্রেফতার করা হয়ে। তাকে সঙ্গে নিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ীর পাশে বাগানে মাটির নিচ থেকে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আই ফোন ১৭ প্রো ম্যাক্সসহ পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের মূল্য ৬৪ লাখ টাকা (আনুমানিক) বলে জানান পুলিশ। পরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জামালপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার বলেন, মামলার বিষয়টি জানার পরপরই রহস্য উদঘাটনের কাজ শুরু করি। এ ইউনিটের চৌকস সদস্যদের কয়েকটি টিমে ভাগ করে তাদের আলাদা আলাদা দায়িত্ব দেয়ার পাশাপাশি তদারকি করি। অভিযান টিমগুলোর কঠোর পরিশ্রমে মামলার রহস্য উদঘাটন সম্ভব হয় এবং মামলার মূলহোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ সময় প্রতারণা করে নেয়া প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার ও এ সময়ের সবচেয়ে আধুনিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসময় চটকধারী বিজ্ঞাপন দেখে যাচাই-বাছাই ছাড়া কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়