Apan Desh | আপন দেশ

ভাসমান সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৮, ২১ মার্চ ২০২৬

ভাসমান সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু

ছবি: আপন দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচ শিশু। ঈদের দিন বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে ব্রহ্মপুত্র নদের ওপর দেওয়ানগঞ্জ থানার সামনে স্থাপিত একটি ভাসমান সেতু হঠাৎ ভেঙে পড়ে। এসময় সেতুর ওপর থাকা বহু মানুষ নদীতে পড়ে যান।

নিহতরা হলো—ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচরের শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও ১২ বছর বয়সী মেয়ে খাদিজা, বেলতলির হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন এবং বালু গ্রামের জয়নালের ছেলে হাফেজ মিহাদ (১৬)।

স্থানীয়দের ভাষ্য, ঈদ উপলক্ষে সেতুটিতে বিপুল মানুষের ভিড় হয়। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেটি ধসে পড়ে। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নদের পাড়ের চা দোকানি মকবুল মিয়া জানান, প্রায় এক বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। অতিরিক্ত মানুষের চাপেই এটি ভেঙে পড়ে।

আরও পড়ুন <<>> ফরিদপুরে চা খাওয়ার বিরোধে দুইগ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

নিহত হাফেজ মিহাদের চাচা রফিকুল ইসলাম বলেন, তার ভাতিজা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে ঘুরতে এসে এমন মৃত্যুর কথা কেউ ভাবেনি। তার অভিযোগ, সেতুটি নিরাপদ থাকলে এ দুর্ঘটনা ঘটত না।

এদিকে, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেয়ার আশ্বাস দেন এবং সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আর কেউ নিখোঁজ নেই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement