Apan Desh | আপন দেশ

চাঁদা না পেয়ে ডাব লুট করলো ছাত্রদল নেতা

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদা না পেয়ে ডাব লুট করলো ছাত্রদল নেতা

আরমান হোসেন বাবু।

সাভারে চাঁদার টাকা না পেয়ে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, টাকা দিতে রাজি না হওয়ায় তাদের ডাব ভর্তি ভ্যান ছিনিয়ে নিয়ে গেছেন আরমান ও তার অনুসারীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আরমান হোসেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক হিসেবে পরিচিত।

ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। যা টাকার অঙ্কে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, বৃহস্পতিবার সকালে তিনি ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। তা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালায়। সে-সঙ্গে ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যায়।

এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির অভিযোগ, একই কায়দায় তাকেও হুমকি দেয়া হয়। চাঁদা না দেয়ায় তার মালামালও হাতিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু আস্থাভাজন পরিচয় দিয়ে সেখানে নানা অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আরমান আলী বলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবুর সঙ্গে কথা বলতে চাইলে তিনি ফোন বন্ধ করে রাখেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়