Apan Desh | আপন দেশ

শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই, আটক ২

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই, আটক ২

ছবি: আপন দেশ

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই ও সিল মারার ঘটনা ঘটেছে। কেন্দ্রটি থেকে ধানের শীষ প্রতীকে সিল দেয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। বিএনপির দুই সমর্থক কৌশলে প্রিজাইডিং কর্মকর্তার টেবিল বা সংলগ্ন এলাকা থেকে ব্যালট পেপারের বই সরিয়ে ফেলেন। তারা দ্রুত নির্জন স্থানে গিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারতে শুরু করেন।

বিষয়টি দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার নজরে আসে। তিনি তাৎক্ষণিক পুলিশ ও বিজিবিকে খবর দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে সিল মারা অবস্থায় শতাধিক ব্যালট পেপার জব্দ করে। ঘটনাস্থল থেকেই দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিল মারা ব্যালট পেপারগুলো বাক্সে ফেলার আগেই আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকলেও বর্তমানে তা পুনরায় শুরু হয়েছে।

ইউএনও আরও জানান, ঘটনার গভীরতা বুঝতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এর পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়