Apan Desh | আপন দেশ

নোয়াখালীর কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের আনাগোনা শুরু হয়। সরেজমিনে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রচণ্ড শীত উপেক্ষা করে শত শত নারী ভোটার লাইনে দাঁড়িয়েছেন। অনেকের কোলে ছিল শিশু, তবুও ভোট দেয়ার আগ্রহে কোনো কমতি ছিল না।

অনুরূপ চিত্র দেখা গেছে কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রেও। সেখানে নারী ভোটারদের লাইন ছিল পুরুষদের তুলনায় দীর্ঘ। প্রথমবার ভোট দিতে আসা এক তরুণী ভোটার বলেন, পরিবেশ খুব সুন্দর। কোনো ভয় ছাড়াই ভোট দিতে পেরে ভালো লাগছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ সব ভোটকেন্দ্রের সবকটিই সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা যায়, নোয়াখালী-১ আসনে মোট ১৪১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৮টি সাধারণ এবং ৫৩টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নোয়াখালী-২ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১১টি। এর মধ্যে ৭৩টি সাধারণ এবং ৩৮টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। নোয়াখালী-৩ আসনে মোট ১৬৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১০৬টি সাধারণ এবং ৬০টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ছয়টি আসনের মধ্যে সর্বাধিক। নোয়াখালী-৪ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৯৮টি। এর মধ্যে ১৫৬টি সাধারণ এবং ৪২টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। নোয়াখালী-৫ আসনে মোট ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৪টি সাধারণ এবং ৫১টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।নোয়াখালী-৬ আসনে মোট ১০৪টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৭টি সাধারণ ও ১৭টি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। যা জেলার ছয়টি আসনের মধ্যে সর্বনিম্ন। ছয়টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন,জাতীয় পার্টি,জেএসডিসহ কয়েকটি দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। ভোটের দিন রাতে হাতিয়াতে একটু উত্তেজনা থাকলেও কোন ভোট কেন্দ্র আক্রান্ত হয়নি।  
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়