রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একজন সর্বজনীন ‘জাতীয় নেতা’ হিসেবে অভিহিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখন এমন পর্যায়ে যে, তিনি চাইলে দেশের যেকোনো নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
রোববার (২৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক। সারা দেশের মানুষ তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে। তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই তিনি দেশের যেকোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন।
জাতীয় নেতারা যেকোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমান যেখান থেকে যৌক্তিক মনে করবেন, সেখান থেকেই নির্বাচনে লড়বেন। তার প্রতি ভোটারদের আগ্রহ ও উচ্ছ্বাস এতটাই বেশি যে, কোনো আসনই তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।
আরও পড়ুন>>>‘কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করতে দিবে না বিএনপি’
রিজভীর বলেন, তারেক রহমানের জন্য রাজধানী ঢাকা থেকে নির্বাচন করা যেমন যৌক্তিক, তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেও নির্বাচন করা যুক্তিসঙ্গত। অতীতে বগুড়া থেকে নির্বাচন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাসাসের সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গান, কবিতা, নাটক ও সাহিত্যচর্চার মাধ্যমে সাংস্কৃতিক কর্মীরা জাতিকে উদ্বুদ্ধ করবেন। একটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি গড়ে তুলবেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































