Apan Desh | আপন দেশ

সন্ত্রাসীদের গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন নিহত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৪০, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:১০, ২৯ এপ্রিল ২০২৬

সন্ত্রাসীদের গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন নিহত

ছবি : আপন দেশ

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। অবশেষে তার পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছেন, তিনি ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুজন দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, শাহ নেওয়াজ হলের সামনে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। চিকিৎসক জানান, তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে পুলিশ তাকে খন্দকার নাঈম আহমেদ টিটন হিসেবে শনাক্ত করে।

আরও পড়ুন <<>> রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, বিভিন্ন সূত্র থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন। বিষয়টি আরও যাচাই করা হচ্ছে।

পুলিশ জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ সালে প্রকাশিত ২৩ জন ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকায় টিটনের নাম ছিল। তার ভগ্নিপতি সানজিদুল ইসলাম ইমনও একই তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী। তারা দুজনই মোহাম্মদপুর এলাকার হারিছ-জোসেফ গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং টিটনের তৎপরতা ছিল ধানমণ্ডি ও হাজারীবাগ এলাকায়।

এদিকে পুলিশের বিশেষ সূত্রে জানা গেছে, নিহত টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাপ্টেন ইমন’-এর দীর্ঘদিনের বিরোধ ছিল। পারিবারিকভাবেও তাদের সম্পর্ক জটিল—টিটন ছিলেন ইমনের সমন্ধি (ছোট স্ত্রী নীলার বড় ভাই)।

সংশ্লিষ্টরা আরও জানান, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে যুক্ত হয়ে পুনরায় সক্রিয় হন, যা সাম্প্রতিক এ হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

পুলিশ কর্মকর্তারা আরও জানান, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর টিটনসহ তালিকাভুক্ত কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে বেরিয়ে আসেন। এরপর টিটন আর আদালতে হাজিরা দেননি।

নিউ মার্কেট থানার ওসি মো. আইয়ুব বলেন, ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখতে পেয়েছি। দুর্বৃত্তরা গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু