আলিফ গ্রুপের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ গ্রুপের দুই প্রতিষ্ঠান আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (এএলআইএফ) এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এআইএল) বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে। কোম্পানি দু’টির কৌশলগত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জেআইটি ইন্টারন্যাশনাল ইনকরপোরেটেডের কাছে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, জেআইটি ইন্টারন্যাশনাল ইনকরপোরেটেড আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কৌশলগত নিয়ন্ত্রণ গ্রহণ করবে। তবে এ প্রক্রিয়া কার্যকর হবে প্রযোজ্য আইন, বিধি-বিধান এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভরশীলভাবে।
অধিগ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া এগিয়ে নিতে কোম্পানির পরিচালক মো. আজিমুল ইসলামকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু ও আনুষ্ঠানিকতা সম্পাদনের দায়িত্ব দেয়া হয়েছে।
একই সভায় কোম্পানির শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মির হাসান আলীকে চেয়ারম্যান এবং জিয়াউল আবেদিনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি তারা দুজনই স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন<<>>ডাচ্-বাংলা ব্যাংকের মুনাফা দ্বিগুণ, বাড়াল লভ্যাংশও
এছাড়া মো. তুহিন রেজাকে তাৎক্ষণিকভাবে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাকে নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রস্তাবিত লেনদেন বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে।
পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনাকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সব ধরনের আইনগত, নিয়ন্ত্রক ও কর্পোরেট শর্ত পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে।
অন্যদিকে আলিফ গ্রুপের আরেক প্রতিষ্ঠান আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্ষেত্রেও একই ধরনের কৌশলগত অধিগ্রহণ প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে। এ ক্ষেত্রেও জেআইটি ইন্টারন্যাশনালের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর প্রস্তাব প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক অনুমোদনের শর্তসাপেক্ষে কার্যকর হবে।
এ প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলামকে। এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদে মির হাসান আলীকে চেয়ারম্যান এবং জিয়াউল আবেদিনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা একই সঙ্গে স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. তুহিন রেজাকে এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে মো. কামাল হোসেনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেয়া হয়েছে।
নতুন সিইওকে সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রক্রিয়াটি দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
পর্ষদ আরও জানিয়েছে, গৃহীত সব সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রয়োজনীয় আইনগত ও নিয়ন্ত্রক শর্ত পূরণে ব্যবস্থাপনাকে পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
























