Apan Desh | আপন দেশ

ডাচ্-বাংলা ব্যাংকের মুনাফা দ্বিগুণ, বাড়াল লভ্যাংশও

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৮, ২৯ এপ্রিল ২০২৬

ডাচ্-বাংলা ব্যাংকের মুনাফা দ্বিগুণ, বাড়াল লভ্যাংশও

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের হিসাব বছরে ছিল ৪৭৩ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

বড় এ মুনাফা প্রবৃদ্ধির ধারায় ভর করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশও বাড়িয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আগের বছর ব্যাংকটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ছিল ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। একই সভায় চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন<<>>সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ২৬ কোটি

বুধবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরে ছিল ৪ টাকা ৯০ পয়সা। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা ১৪ পয়সায়।

আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও শক্ত অবস্থান বজায় রেখেছে ব্যাংকটি। ২০২৫ সালে ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিআরএআর) বেড়ে ১৭ দশমিক ১৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ১৩ দশমিক ৮৩ শতাংশ।

এদিকে চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে ডাচ্-বাংলা ব্যাংক। এ সময়ে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা, যা আগের বছরে ছিল ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৮৪ পয়সায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়