ছবি: আপন দেশ
যশোরের কেশবপুরে মেয়ের হাতে এক মা খুন হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মরাদেহ উদ্ধার করাসহ ঘাতক মেয়েকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী গৌরী রানীর (৭৫) বাড়িতে ৩/৪ দিন আগে পাশের মনিরামপুরের নাগরঘোপ এলাকার শ্বশুরবাড়ি থেকে তার মেয়ে মৃত তরুণ অধিকারীর স্ত্রী দীপ্তি অধিকারী (৫০) বেড়াতে আসেন। দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সোমবার রাতে বিবস্ত্র অবস্থায় বাড়ির আঙ্গিনায় চলাফেরা করতেছিল। মঙ্গলবার সকালে দীপ্তি অধিকারীকে শ্বশুরবাড়িতে নেয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী (৫৬) আসেন। এ সময় তিনি বাড়ির দোতালায় উঠে দেখেন তার বৌদির মা গৌরী রানী মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর তার বৌদি দীপ্তি অধিকারী পাশেই বাথরুমে বিবস্ত্র অবস্থায় বসে আছে।
আরও পড়ুন<<>>কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম
এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে দীপ্তি তার মায়ের সঙ্গে থাকাকালীন সময়ে তরকারি কাটা বটির আছাড় দিয়ে তার মায়ের কপালে ও মাথার পিছনে আঘাত করলে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। মরাদেহের পাশেই বটির আছাড়ের অংশ পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরাদেহ উদ্ধার করাসহ ঘাতক মেয়েকে আটক করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে তরকারি কাটা বটির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ঘাতক দীপ্তি অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























