Apan Desh | আপন দেশ

মিয়ানমার থেকে অনুপ্রবেশ অর্ধশত ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমার থেকে অনুপ্রবেশ অর্ধশত ছাড়াল

বান্দরবানের তুমব্রু, ঘুমধুম সীমান্তের ওপারে চলছে মুহুর্মুহু মর্টারশেল ও গুলিবর্ষণ। বেশ কয়েকটি গুলি ও মর্টারশেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। তুমুল যুদ্ধাবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষীরা প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। এখন পর্যন্ত ৬৬ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ১০ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে। 

তাদের অস্ত্র ও গুলি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) হেফাজতে আছে। বিজিবি জনসংযোগ দপ্তর থেকে রোববার (৪ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন বিজিপি সদস্যরা। তুমব্রু সীমান্তবর্তী দুই গ্রামের প্রায় তিন হাজার বাংলাদেশি অন্যত্র আশ্রয় নিয়েছেন। মিয়ানমার থেকে আসা গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। এদের মধ্যে একজন প্রবীর চন্দ্র ধর (৫৯)। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি। গোলাগুলিতে কোনাপাড়ার কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশে ঢোকার জন্য সীমান্তে আরও অনেক বিজিপি সদস্য অবস্থান নিয়েছেন। ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মিয়ানমারের বিজিপির সদস্যরা তুমব্রু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন>> বান্দরবানে সীমান্তবর্তী সাত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এদিকে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাসরুকি জানান, প্রাণহানির শঙ্কায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অনেক সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তবে এখনই সংখ্যাটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদেরকে নিরস্ত্র করে হেফাজতে নেয়া হয়েছে। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় ঘুমধুম ও তুমব্রু সীমান্তে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, শনিবার রাত থেকে হঠাৎ গোলাগুলি বেড়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ঘুমধুম ও তুমব্রু সীমান্তের কাছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে বিজিবি সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। নিরাপত্তা চৌকিগুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়