মার্কেন্টাইল ব্যাংকের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৭৭ শতাংশ। এ সময়ে ব্যাংকটির মুনাফা কমার প্রধান কারণ হিসেবে ঋণ ও অন্যান্য খাতে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি রাখার আগের মুনাফা কমে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির প্রকাশিত তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১ টাকা ৪৪ পয়সা বা প্রায় ৭৭ শতাংশ।
ব্যাংকটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় সঞ্চিতি রাখার আগের মুনাফা কমে যাওয়ায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে। তবে মুনাফা কমার পেছনে কোন খাতে কতটা প্রভাব পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত বক্তব্যে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা
অন্যদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৫ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৬ পয়সা বা ৩২০ শতাংশ। অর্থাৎ নয় মাসের হিসাবে বড় পতন হলেও সর্বশেষ প্রান্তিকে মুনাফা বেড়েছে।
এদিকে, ব্যাংকটির পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহও আগের সময়ের তুলনায় কমেছে। ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কমে যাওয়ায় শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহের পরিমাণ হ্রাস পেয়েছে।
এ ছাড়া গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৬ পয়সা। আগের সময়ের তুলনায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে বলে জানিয়েছে ব্যাংকটি। এর কারণ হিসেবে শেয়ারহোল্ডারদের মোট মূলধন কমে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/কেএম/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































