Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৭, ৯ অক্টোবর ২০২৩

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে আরসা ও আরএসও দু'সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক গোলাগুলিতে দু'জন নিহত হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৫ এলাকার ইরানি পাহাড় ও ক্যাম্প-২ (ইস্ট)'র বালুর মাঠ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ।

তিনি জানান, সোমবার ভোর রাতে উখিয়ার ইরানি পাহাড় ও নৌকার মাঠ এলাকায় আরসা ও আরএসও দু'সন্ত্রাসী গ্রুপের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দু'জন নিহত হন। তারা আরসা সন্ত্রাসী বলে উল্লেখ করেছে সাধারণ রোহিঙ্গারা।

নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ব্লাক, ডি/৫ মৃত মীর আহমেদের ছেলে সাকিবুল হাসান প্রকাশ সানাউল্লাহ (৩৩) ও একই ক্যাম্পের জি সাব ব্লক, এ/ ৩৮ আব্দুর গফুরের ছেলে আহমদ হোসেন (৩৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যেই গোলাগুলিতে দু'জন নিহতের ঘটনা জানার পর থানার একটি টিম ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement