ফাইল ছবি
দেশের উত্তরের পাঁচ জেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে। এ শঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তিস্তার পানি বেড়ে এ বন্যার সৃষ্টি হতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ০৩ দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী ১ দিন স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী ৪ দিন হ্রাস পেতে পারে।
ভারতের গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ২ দিন হ্রাস পেতে পারে। পরবর্তী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে।
আরও পড়ুন <<>> সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। সুরমা নদীর পানি সমতল আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে।
অপরদিকে কুশিয়ারা পানি সমতল আগামী ১ দিন হ্রাস পেতে পারে। পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে ভিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ হতে ৪৮ ঘণ্টায় তিস্তা নদী নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































