ছবি : আপন দেশ
রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, রাজধানীতে ভোর ৪টার দিকে বৃষ্টি শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়ে। এতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়।
আরও পড়ুন: ‘অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব’
কয়েকটি এলাকায় হাঁটুপানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায় পথচারীদের। রিকশাসহ ছোট যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কোথাও কোথাও সড়কের ওপর গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































