ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে মো.রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে এ ঘটনা ঘটে।
রেস্তোরাঁটির কর্মী ৪৪ বছর বয়সি রাজুর মাথায় গুলি লেগেছিল। আর ৩৯ বছর বয়সি রাজুর পায়ে গুলি লেগেছে বলে তদন্তকারী পুলিশ জানিয়েছে।
রাজুকে গুরুতর আহত অবস্থায় কাছের ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভেনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা রেস্টুরেন্টের’ ভেতরে হামলার ঘটনাটি ঘটে। কী কারণে গুলি চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি তদন্ত করছে নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
নিহত রাজু বছর তিনেক আগে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। তার জন্য দালাল নিয়েছিল ৩০ লাখ টাকা। তারপর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। বিবাহিত রাজুর দেশে স্ত্রী, তিন সন্তানসহ ভাই-বোন ও মা-বাবা রয়েছেন।
আরও পড়ুন<<>>নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরে। আহত রাসেলের বাড়িও নোয়াখালীতে। তিনিও দালালকে মোটা অঙ্কের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে আসেন।
ব্রুকলীনে বসবাসরত নোয়াখালী কম্যুনিটির লিডার শহিদুল্লাহ কাইসার জানান, ঐ রেস্টুরেন্টের একজন কাস্টমার খাবারের বিল পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন। রাজু ও রাসেল বিল পরিশোধের পর রেস্টুরেন্ট ত্যাগের আহবান জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তটি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেছে পুলিশ আসার আগেই। এ ঘটনায় কম্যুনিটিতে আতংক ছড়িয়ে পড়েছে।
এদিকে, নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানান, রাজুর স্বজনেরা বাংলাদেশ থেকে ফোন করে লাশটি পাঠিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































