Apan Desh | আপন দেশ

সংসদে প্রথম অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৩, ১৪ অক্টোবর ২০২৬

সংসদে প্রথম অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি

ফাইল ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন। সোমবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল প্রথমবারের মতো সংসদ অধিবেশন ডাকলেন।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করেছেন।

গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগের দিন এমপিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে ১১ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহবান করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ২৭ আগস্ট শুরু হওয়া ওই অধিবেশন চলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত, এ সময়ে নয়টি বৈঠক হয়।

তৃতীয় অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দেয়া অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সে অধিবেশনে ছয়টি বিল উত্থাপন ও ছয়টি বিল পাস হয়।

এছাড়া ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

আরও পড়ুন <<>> ‘সৌদিতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজ রাখছে সরকার’

চলতি বছরের ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন শুরু হয়। ১৫ জুলাই শেষ হওয়া অধিবেশন চলে ২৬ কার্যদিবস। এতে ১০টি সরকারি বিল পাস হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ। ৩০ এপ্রিল শেষ হওয়া ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস হয়।

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদের অধিবেশন আহবান করেন। অধিবেশনের প্রথম বৈঠকের সময় ও স্থানও নির্ধারণ করেন তিনি।

সংবিধানে নির্ধারিত বিশেষ সময় ছাড়া সাধারণভাবে সংসদের এক অধিবেশন শেষ হওয়া এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। সে হিসেবে তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ঠিক ৬০ দিন পর আগামী ৯ নভেম্বর চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়