Apan Desh | আপন দেশ

দুর্গাপূজা উপলক্ষ্যে যেসব নির্দেশনা দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৯, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষ্যে যেসব নির্দেশনা দিল পুলিশ

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচটি বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

এর মধ্যে রয়েছে গুজব থেকে সতর্ক থাকা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণ ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করা।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেয়া হয়।

পুলিশের পরামর্শে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো যাবে না। যাচাই ছাড়া কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়েছে। মণ্ডপে ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ না করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের কথা বলেছে পুলিশ।

গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন, মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের কথা বলা হয়েছে।

আরও পড়ুন<<>> ‘সিসা দূষণ রোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে’

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে।

একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ ও স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০ নম্বরে যোগাযোগ করা যাবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নম্বর ০২২২৩৩৫৫৫০০ ও ০১৮১৭৬০২০৫০।

ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নম্বর ০২৯৬১১৩৫৩ ও ০১৭০৫৫০৫৫২৯। এসআরবির কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০৯।

এছাড়া ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

পুলিশ জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিনা মূল্যে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে। জেলা পুলিশ সুপার ও থানার ওসি যোগাযোগের নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শও দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়