ছবি: আপন দেশ
শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযান শুরু করেছে থানা-পুলিশ। অভিযানে নিবন্ধন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল আটক করে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ৩টা থেকে অভিযান শুরু হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী নিবন্ধন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে। যারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন, তাদের জমার রসিদ সঙ্গে রাখার আহবান জানানো হয়।
আরও পড়ুন<<>>ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ গ্রেফতার
এদিকে, অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো এবং কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা বিবেচনায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে। সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে খোঁজখবর রাখার পাশাপাশি কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ বিশেষ অভিযান শুরু হয়েছে। নিবন্ধন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে না দিতে অভিভাবকদের প্রতি আহবান জানাচ্ছি। সন্তানদের নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের স্বার্থে তাদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে খোঁজখবর রাখা জরুরি। জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































