Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ভুয়া ডাক্তারসহ আটক ১৮

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় ভুয়া ডাক্তারসহ আটক ১৮

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জালান তুন তান সিউ সিন এলাকায় প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে গড়ে ওঠা ৯টি অবৈধ ক্লিনিকে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ভুয়া চিকিৎসকসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চালানো এ অভিযানে ১৭ জন বাংলাদেশি ও একজন মিয়ানমারের নাগরিক গ্রেফতার হন। অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ-এর গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার বিশেষ টাস্কফোর্স। সহযোগিতা দেয় কুয়ালালামপুর স্বাস্থ্য বিভাগের ফার্মাসিউটিক্যাল এনফোর্সমেন্ট শাখা।

তদন্তে জানা যায়, ক্লিনিকগুলো গোপনে পরিচালিত হচ্ছিল। বাইরে থেকে এগুলোকে ফোনের দোকান, খেলনা বা ঘড়ির দোকান, ট্রাভেল এজেন্সি কিংবা রেস্তোরাঁ বলে মনে হতো। দোকানের পেছনের ছোট কক্ষে অবৈধভাবে চিকিৎসা সেবা দেয়া হতো। সেখানে ওষুধও বিক্রি করা হতো।

অভিযানে বিপুল পরিমাণ নিয়ন্ত্রিত ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিডিপ্রেসেন্ট। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও গ্যাস্ট্রিকের ওষুধও পাওয়া গেছে।

অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্ডি রামলি জানান, এসব ওষুধ মূলত বাংলাদেশ থেকে আসা নতুন অভিবাসীদের মাধ্যমে অবৈধভাবে পাচার করা হয়েছে। ভুয়া চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে পরামর্শ ফি হিসেবে ৫০-১০০ রিঙ্গিত আদায় করত।

আটকদের মধ্যে একজন ৫০ বছর বয়সী বাংলাদেশি নিজেকে চিকিৎসক পরিচয় দিতেন। তার কোনো চিকিৎসা সনদ বা প্রশিক্ষণ নেই বলে তিনি স্বীকার করেছেন। মাসে ২ হাজার রিঙ্গিত বেতনে কাজ করলেও তার মাধ্যমে প্রতি মাসে প্রায় ১০ হাজার রিঙ্গিত মূল্যের ওষুধ বিক্রি ও চিকিৎসা সেবা দেয়া হতো।

আরও পড়ুন <<>> মালদ্বীপে আবর্জনার স্তুপ থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

লোকমান এফেন্ডি রামলি আরও বলেন, ভাষাগত সুবিধা ও নিজ দেশের ওষুধের প্রতি আস্থার কারণে অনেক প্রবাসী এসব অবৈধ ক্লিনিকের ওপর নির্ভর করেন। এর আগেও এ এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসকদের বহিষ্কার করা হয়েছিল। পরে চক্রটি আবার কার্যক্রম শুরু করে।

আটকদের বয়স ২৪-৫১ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর ৩৯(বি) ধারা ও অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারায় ব্যবস্থা নেয়া হচ্ছে। অবৈধভাবে ওষুধ বিক্রির ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ওষুধ বিক্রয় আইন ১৯৫২ অনুযায়ী আলাদা তদন্ত চালাচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ