Apan Desh | আপন দেশ

ইতালির নাগরিকত্ব নিয়ে সুখবর

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৬

ইতালির নাগরিকত্ব নিয়ে সুখবর

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নাগরিকত্ব আইনে যুগান্তকারী পরিবর্তন আনছে ইতালি সরকার। ২০২৬ সালের নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসীদের জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে নাগরিকত্ব প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন আইনের তিনটি প্রধান পরিবর্তন

প্রথমত, দ্রুত ফাইল নিষ্পত্তির ব্যবস্থা চালু হচ্ছে। আগে নাগরিকত্বের আবেদন এক দফতর থেকে অন্য দফতরে ঘুরে নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লাগত। নতুন ব্যবস্থায় এনপিআর (ANPR) ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আবেদন জমা দেয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই শুরু হবে। এতে দীর্ঘসূত্রতা কমবে।

দ্বিতীয়ত, আবেদন যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হচ্ছে। ইতালিতে টানা ১০ বছর বৈধভাবে বসবাসকারীদের নাগরিকত্ব আবেদনের জট কমাতে এআই প্রযুক্তি দিয়ে তথ্য যাচাই করা হবে। এতে ফাইল পড়ে থাকার ঝুঁকি কমবে এবং সিদ্ধান্ত দ্রুত আসবে।

আরও পড়ুন <<>> মালয়েশিয়ায় ‘পম-পম’ বোট থেকে বাংলাদেশি আটক

তৃতীয়ত, শিশুদের জন্য বিশেষ সুবিধা দেয়া হয়েছে। বিদেশে জন্ম নেয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে ফি মওকুফের সুবিধাও যুক্ত করা হয়েছে।

স্মার্টফোনে আবেদনের লাইভ ট্র্যাকিং

‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুনের মধ্যে নতুন সিস্টেম পুরোপুরি চালু হওয়ার কথা। এ ব্যবস্থায় আবেদনকারীরা স্মার্টফোনে SPID বা CIE ব্যবহার করে নাগরিকত্ব আবেদনের প্রতিটি ধাপ লাইভ ট্র্যাক করতে পারবেন। এতে পাসপোর্ট আবেদনের মতোই পুরো প্রক্রিয়ার অগ্রগতি দেখা যাবে।

ইতালি সরকারের লক্ষ্য দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে দেশের মূলধারায় যুক্ত করা। বিশেষ করে যারা সিজনাল ভিসায় এসে নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন। তাদের জন্য এ পরিবর্তন নতুন সুযোগ তৈরি করবে।

ডিজিটাল রূপান্তরের এ উদ্যোগ ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়