ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ায় করা দুর্দান্ত পারফরম্যান্স সংযুক্ত আরব আমিরাতে টেনে নিলেন তানজিদ হাসান তামিম। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও দাপট দেখালেন এ বাংলাদেশি ওপেনার। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৮৩ রান করেছেন তামিম।
এ ওপেনারের আগ্রাসী ব্যাটে ভর করে প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ১ উইকেটে ১৩৪ রান তুলে মধ্যাহ্নভোজে গেছে বাংলাদেশ দল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত অর্ধশতক পূরণ করে শতকের দিকে এগোচ্ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তবে আফগান পেসার ইসমাত আলমের চতুর বোলিংয়ে উইকেট খোয়ান তিনি।
উইকেটরক্ষক ইকরাম আলি খিলকে উইকেটের একদম কাছে এনে গতি ও লাইন পরিবর্তন করে বুদ্ধিদীপ্ত অফ-স্ট্যাম্পের বাইরের বলে তানজিদকে শট খেলতে প্রলুব্ধ করেন ইসমাত। ফলে আলগা শট খেলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ। ৪১ বলে ফিফটি করা তামিম আউট হন ৭১ বলে ৮৩ রান করে।
অন্যপ্রান্তে সাবলীলভাবে নিজের ইনিংস গুছিয়ে নিচ্ছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। তানজিদের বিদায়ের পর আফগান বোলাররা টাইট লাইনে বোলিং করে বাংলাদেশের রানের গতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
একপ্রান্তে রান আটকে রেখে অন্যপ্রান্তে আক্রমণের মাধ্যমে বাংলাদেশ ব্যাটারদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন আফগান অধিনায়ক রহমত শাহ।
আরও পড়ুন<<>>টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সকালের সেশনে মোট পাঁচজন বোলার ব্যবহার করেছে আফগানিস্তান, যার মধ্যে ইসমাত আলমই সবচেয়ে বেশি নজর কেড়েছেন। তবে গভীর ব্যাটিং লাইনআপ থাকা বাংলাদেশ প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ দাঁড় করানোর পথেই রয়েছে। ৩৫ মিনিটের লাঞ্চ বিরতি শেষে পুনরায় মাঠে নামবে দুই দল।
এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি নিজেদের টেস্ট ইতিহাসে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম ম্যাচ। যেখানে স্পিনার নাঈম হাসানের পাশাপাশি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ এবং দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে নিয়ে শান্ত’র দল একাদশ সাজিয়েছে।
শুরু থেকেই তানজিদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সামনে তটস্থ ছিল আফগানিস্তানের বোলিং লাইনআপ। শুরুতে সাদমানের কিছু অনিয়ন্ত্রিত শট ছাড়া তাদের স্বস্তির বলতে কিছু ছিল না। তানজিদ আউট হলেও বাংলাদেশের জন্য স্বস্তির সেশন উপহার দিয়েছেন। মধ্যাহ্ন বিরতির আগে সাদমান ৪১ এবং মুমিনুল হক ৫ রানে অপরাজিত আছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































