Apan Desh | আপন দেশ

তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১২, ২৪ নভেম্বর ২০২৬

তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের জন্য ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সেখানে পৌঁছে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন সরকারপ্রধান।

এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

আরও পড়ুন <> ইফাদ গ্রুপে ঋণ দিয়ে মসিবতে ৩৩ ব্যাংক

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। 

গত এক যুগের বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। আর সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়