Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ নিয়ে যা জানাল বাফুফে 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৩, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:০৬, ২৪ আগস্ট ২০২৬

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ নিয়ে যা জানাল বাফুফে 

ছবি: বাফুফে

আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সন্তুষ্ট হয়ে আগামী ০৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এ নিয়ে আশাবাদী।
 
ব্রাজিল আগামী ২৫ এবং ২৯ সেপ্টেম্বর যথাক্রমে টাউনসভিল ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতে সফরের অংশ হিসেবে ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তারা ভারতের মুখোমুখি হবে।

সিবিএফ প্রতিনিধি দলের ঢাকা সফরের পর থেকেই গুঞ্জন চলছে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে, অথবা ভারতে রওনা হওয়ার আগে একটি অনুশীলন সেশনে অংশ নিতে পারে।

ভারতে সফরের আগে বা পরে ব্রাজিলের ঢাকায় প্রীতি ম্যাচ খেলা বা অনুশীলন সেশন আয়োজনের সম্ভাবনা নিয়ে সংবাদ মাধ্যমকে তাবিথ বলেন, উত্তর হলো হ্যাঁ। আমরা সব ধরনের বিকল্প নিয়েই আলোচনা করেছি।

তাবিথ আরও জানান, সিবিএফ প্রতিনিধি দল বাংলাদেশের ব্রাজিলীয় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছে। উভয় পক্ষ অবকাঠামো, পিচ উন্নয়ন, যৌথ কোচিং প্রোগ্রাম, স্পোর্টস সায়েন্স এবং প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

তিনি বলেন, সিবিএফ প্রতিনিধি দল রোববারের ঢাকা সফর করে এবং বেশিরভাগ সময় জাতীয় স্টেডিয়াম, কয়েকটি হোটেল এবং বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা পরিদর্শনে ব্যয় করে।

আরও পড়ুন<<>>ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর

প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ ও সংলগ্ন এলাকাগুলো ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য মানের বলে মনে করেছে। তবে ড্রেসিংরুম, কারিগরি স্টাফদের এলাকা এবং প্রবেশ ও প্রস্থান গেটের নিরাপত্তাসহ অতিরিক্ত কিছু অবকাঠামোগত উন্নতির প্রয়োজন রয়েছে। তারা জানায়, এ বিষয়গুলো খুব অল্প সময়ের মধ্যে এবং সামান্য প্রচেষ্টাতেই সমাধান করা সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিনিধি দল সোমবারে রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করেছে এবং এ সপ্তাহেই সিবিএফ-এর কাছে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশগুলো আনুষ্ঠানিকভাবে জমা দেবে বলে আশা করা হচ্ছে। ব্রাজিলীয় জাতীয় দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্রাজিলের ব্যবহার করার সম্ভাবনা খতিয়ে দেখতে বাফুফে শিগগিরিই সিবিএফ-এর সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করবে।

এদিকে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে অংশ নেয়ার প্রতিশ্রুতি ইতিমধ্যেই দিয়েছে বাফুফে।

বাংলাদেশ এ টুর্নামেন্টে কমপক্ষে তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে, সঙ্গে স্থান নির্ধারণী ম্যাচ খেলারও সম্ভাবনা রয়েছে। একই ফিফা উইন্ডোতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঢাকায় প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হলে, বাংলাদেশ তাদের ব্যস্ত সূচির মাঝে সে সময় বের করতে পারে কি না তা এখন দেখার বিষয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়