ছবি সংগৃহীত
চলমান উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর সুইডেনের সঙ্গে ড্র করেছে এশিয়ান পরাশক্তি জাপান। ফলে এ গ্রুপ থেকে উভয় দলই নকআউট পর্ব নিশ্চিত করেছে। রানার্সআপ হিসেবে নক আউটে উঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। তৃতীয় সেরা দল সুইডের প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) ভোরে ডালাস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হয়েছে জাপান ও সুইডেনের লড়াই। এ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে জাপান। তারা খেলবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সুইডেন। সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে সেরা বত্রিশে যাওয়া সুইডেনের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষায় থাকতে হবে।
ম্যাচে প্রথম সুযোগ পায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার আলেকসান্দার বের্নহার্দসনের বাঁকানো শট ঝাঁপ দিয়ে ঠেকান জাপানের গোলরক্ষক জিওন সুজুকি।
এরপর লম্বা সময় খেলা চলে মূলত মাঝমাঠে। কোনো দলই এই সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। ৩৭তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সুইডিশ ডিফেন্ডার ইসাক হিন।
৪০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন জাপানের ডিফেন্ডার ইয়োকিনারি সুগাওয়ারা। তবে পরাস্ত করতে পারেননি সুইডেনের গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুমকে।
আরও পড়ুন<<>>দ. কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ইতিহাস
পাঁচ মিনিট পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন নেইতো নাকামুরা। কিন্তু তার গতিময় বাঁকানো শট বাম দিকে ঝাঁপ দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জেততেরস্ত্রুম। ৪৫ মিনিটে জাপানের ১৩ নম্বরের বাঁকানো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।
চমৎকার দলীয় গোলে ৫৬তম মিনিটে এগিয়ে যায় জাপান। আয়াসে উয়েদার সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে এগিয়ে যান রিতসু দোয়ান। ডি বক্সে তিনি খুঁজে নেন দাইজেন মায়েদাকে। ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বাকিটা সারেন সেল্টিকের এ ফরোয়ার্ড।
ছয় মিনিট পর এন্টনি এলাঙ্গার গোলে সমতা ফেরায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে মনে হচ্ছিল ক্রস করবেন তিনি। সেটা না করে গতিময় বাঁকানো শটে নিউক্যাসল ইউনাইটেড ফরোয়ার্ড খুঁজে নেন জাল। ঝাঁপিয়ে নাগালে পাননি জাপান গোলরক্ষক।
৬৫তম মিনিটে আলেকসান্দার ইসাকের শট ঠেকিয়ে সমতা ধরে রাখেন জাপানের গোলরক্ষক সুজুকি। যোগ করা তৃতীয় মিনিটে এলাঙ্গার আরেকটি দারুণ শট চমৎকার দক্ষতায় ঝাঁপ দিয়ে ব্যর্থ করে দেন তিনি। সমতায় শেষ হয় লড়াই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































