Apan Desh | আপন দেশ

দ. কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪০, ২৫ জুন ২০২৬

দ. কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

ছবি সংগৃহীত

আগে তিনবার অংশ নিয়েও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার তাদের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে ড্র করে পেয়েছিল এক পয়েন্ট। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বাফানা বাফানারা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মন্তেরেইয়ে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬৩তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেয়া গোলটি করেন থাপেলো মাসেকো।

তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। শতভাগ জয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে গেল মেক্সিকো।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এদিন ‘আন্ডারডগ’ হিসেবে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বল দখলে এশিয়ার দলটির চেয়ে অনেক পিছিয়েও ছিল তারা। কিন্তু গোলের জন্য শট নেওয়া, লক্ষ্যে শট রাখায় দক্ষিণ কোরিয়ার চেয়ে দ্বিগুণ ছিল দলটি।

আরও পড়ুন<<>>পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে নকআউটে মরক্কো

৬৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের উদ্দেশ্যে সাতটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে দক্ষিণ কোরিয়া। সেখানে গোলে ১৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে দক্ষিণ আফ্রিকা।

এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবারও শুরুটা হয়েছিল মেক্সিকোর কাছে ২-০ গোলের হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখে তারা।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচেও পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে তাদের।

উল্লেখ্য, ২০০২ সালে প্রথম এশিয়ান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে চতুর্থ স্থান অর্জন করেছিল দক্ষিণ কোরিয়া। এছাড়া ২০০২ ও ২০১০ সালেও তারা নকআউট পর্বে খেলেছিল। তবে এবার গ্রুপ পর্ব থেকেই তাদের বিশ্বকাপ যাত্রার ইতি ঘটল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়