ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। যার জাদুতে মন্ত্র মুগ্ধ পুরো বিশ্ব। মাঠে নেমেই গরছেন ইতিহাস, ভাঙছেন রেকর্ডের পর রেকর্ড। অস্ট্রিয়া ম্যাচে দর্শকদের নজর কেড়েছেন গ্যালারিতে থাকা এক শতবর্ষী নারী।
ডালাসে আর্জেন্টিনা ২-০ গোলে অস্ট্রিয়াকে হারায়। ম্যাচ চলাকালে সম্প্রচারের এক পর্যায়ে ক্যামেরা ঘুরে যায় গ্যালারিতে বসে থাকা ১০০ বছর বয়সী এক নারীর দিকে। আর্জেন্টিনার বিখ্যাত নীল-সাদা জার্সি পরা ওই নারী হাতে ধরে ছিলেন একটি প্ল্যাকার্ড। যেখানে লেখা ছিল, আমার বয়স ১০০ বছর, আর আমি মেসির ভক্ত।
মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মেসির নতুন কীর্তি দেখতে টেলিভিশনের সামনে বসা লাখো দর্শক জানতে চান, কে এ বৃদ্ধা ভক্ত যিনি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন?
তার নাম পলিন কানা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশি পরিচিত গ্র্যানি স্মিথ বা গ্যাংস্টার গ্র্যানি নামে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এ কনটেন্ট ক্রিয়েটর নাতি রস স্মিথের সঙ্গে তৈরি করা হাস্যরসাত্মক ভিডিও, স্টান্ট এবং ভাইরাল স্কেচের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এর আগেও একাধিকবার প্রকাশ্যে মেসির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন কানা। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের সময় ইন্টার মায়ামির ম্যাচে উপস্থিত হয়ে তিনি মেসির উদ্দেশে বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
পোর্তোর বিপক্ষে গ্রুপ পর্বের এক ম্যাচে তার হাতে দেখা যায়, মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে? এরপর পিএসজির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি আরেকটি বার্তা নিয়ে হাজির হন, মেসি, আমি তোমাকে ভালোবাসি। বয়স শুধু একটি সংখ্যা।
ওই ম্যাচে ওয়ার্মআপের সময় মেসি তাকে লক্ষ্য করেন এবং দূর থেকে হাসিমুখে হাত নাড়েন। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আরও পড়ুন <<>> মেসিই সর্বকালের সেরা, অভিনন্দন জানিয়ে ক্লোসা
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি দুটি গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন। আর্জেন্টিনা নিশ্চিত করে নকআউট পর্বে নিজেদের জায়গা। তবে ম্যাচের আবেগঘন মুহূর্তগুলোর মধ্যে অন্যতম ছিল শতবর্ষী এ সমর্থকের উপস্থিতি।
পলিন কানার জনপ্রিয়তার গল্পও বেশ ব্যতিক্রমী। ২০১২ সালে নাতি রস স্মিথের সঙ্গে ভাইন প্ল্যাটফর্মে ভিডিও বানানো শুরু করেন তিনি। পরে ইনস্টাগ্রাম ও টিকটকেও একই জনপ্রিয়তা ধরে রাখেন।
তাদের ভিডিওর মূল আকর্ষণ হলো, একজন সাহসী দাদি, যিনি বয়সকে উপেক্ষা করে নানা ধরনের মজার চ্যালেঞ্জ, স্টান্ট ও কমেডিতে অংশ নেন।
সম্প্রতি তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছেন। ৯৯ বছর ২৭৪ দিন বয়সে টেক্সাসের বেলভিলে এক সংগীতানুষ্ঠানে ক্রাউড সার্ফিং করে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েন।
এখন ১০০ বছর বয়সে এসে নিজের জীবনের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে যোগ করলেন আরেকটি অধ্যায়। বিশ্বকাপের গ্যালারিতে লিওনেল মেসির প্রতি ভালোবাসার প্রকাশ। সেদিন মাঠে স্কোরবোর্ডের নায়ক ছিলেন মেসি, আর সামাজিক যোগাযোগমাধ্যমের নায়ক হয়ে উঠেছিলেন কানা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































