Apan Desh | আপন দেশ

এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়ার জয়

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৭, ২৩ জুন ২০২৬

এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়ার জয়

ছবি সংগৃহীত

প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল আলজেরিয়া। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। বিশ্বকাপের মঞ্চে তাদের এ জয় এল ঠিক এক যুগ পর। ২০১৪ সালের পর বিশ্বকাপে এটিই আলজেরিয়ার প্রথম জয়। 

দুই দলই প্রথম ম্যাচে হেরেছিল। তাই এ ম্যাচটা দুজনের জন্যই ছিল টিকে থাকার লড়াই। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল জর্ডান। ৩৬ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে গোল করলেন নিজার আল রুশদান। এ গোলে ইতিহাস গড়েন তিনি। বিশ্বকাপে প্রথমবার লিড নেয় জর্ডান। সে গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

আরও পড়ুন<<>>হালান্ডের জোড়া গোলে আক্ষেপ ঘুচল নরওয়ের

তবে প্রথমার্ধে আলজেরিয়াও সুযোগ পেয়েছিল। রিয়াদ মাহরেজ একা গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি। গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা দুর্দান্তভাবে তাকে ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেন নাদির বেনবুয়ালি। ৬৯ মিনিটে মাহরেজের কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করে সমতা ফেরালেন তিনি। আলজেরিয়ার জার্সিতে এটি তার মাত্র পঞ্চম ম্যাচ এবং জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল।

এরপর ৮২ মিনিটে আমিন গোরির গোলে এগিয়ে যায় আলজেরিয়া। সে লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে তারা। স্কোরলাইন হয় ২-১।

এ জয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া। শেষ ম্যাচে জয় তুলে নিলেই শেষ ৩২-এ চলে যাবে আফ্রিকান এ দেশটি।

আপন দেশ/

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement