Apan Desh | আপন দেশ

ফ্রান্সজুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহ, ২ দিনে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৪, ২৩ জুন ২০২৬

ফ্রান্সজুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহ, ২ দিনে ১৮ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে রোব ও সোমবার (২১-২২ জুন) ২ দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। 

দেশটির আবহাওয়া দফতর ও স্থানীয় গণমাধ্যমের তথ্যের বরাতে মঙ্গলবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনবহুল বন্দরনগরী বোর্দোতে ২ দিনের তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনো সেখানে তাপমাত্রা এতটা বাড়েনি।

প্রচণ্ড গরমে বোর্দোতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবার বয়স ৮০-৯৫ বছরের মধ্যে। অন্যদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের কার্পেন্ত্রাস জেলায় একটি গাড়ির ভেতরে আটকা পড়ে প্রাণ হারিয়েছে দুই ও চার বছর বয়সী দুই শিশু।

বাকি ১৩ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। তীব্র দাবদাহ থেকে সাময়িক স্বস্তি পেতে অনেক মানুষ নদী, হ্রদ, সমুদ্র ও অন্যান্য জলাশয়ে দীর্ঘ সময় কাটাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্রান্সের বেসামরিক নিরাপত্তা সেবা বিভাগের মুখপাত্র জেরোম বওল্যাঙ্গার রয়টার্সকে বলেন, মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে যেন তারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকা জলাশয়েই সাঁতার কাটেন।

অস্বাভাবিক গরমের প্রভাবে দেশটির স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন : ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

এবারের জুন মাসে শুধু ফ্রান্স নয়, প্রায় পুরো ইউরোপই তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। স্পেনের উত্তরাঞ্চলীয় স্যান সেবাস্তিয়ান ঐতিহ্যগতভাবে শীতল অঞ্চল হিসেবে পরিচিত। সাধারণত জুন মাসেও সেখানে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। 

স্পেনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২২ জুন স্যান সেবাস্তিয়ানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়