Apan Desh | আপন দেশ

সাংবাদিকের ওপর হামলা, জামায়াতের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৫১, ২৩ জুন ২০২৬

সাংবাদিকের ওপর হামলা, জামায়াতের দুঃখপ্রকাশ

ফাইল ছবি, আপন দেশ

রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।  অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনাটির তদন্তে কমিটি গঠন করেছে দলটি।

মঙ্গলবার (২৩ জুন) দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। সাংবাদিকদের সুরক্ষায় দলটি বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাঁধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। ধানমন্ডিতে অনাকাঙ্খিতভাবে সাংবাদিকদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন<<>>ধানমন্ডিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আরও বলা হয়েছে, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জামায়াতের প্রোগ্রামে গুপ্তচর কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এছাড়াও এ কমিটিকে বুধবারের (২৪ জুন) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।  

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement