Apan Desh | আপন দেশ

বিশ্বকাপে মেসির যত রেকর্ড 

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৬, ১৭ জুন ২০২৬

বিশ্বকাপে মেসির যত রেকর্ড 

ছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপ শেষে লিওনেল মেসির অবসর নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন পরের আসরে দেখা যাবে না এ মহাতারকাকে। তবে সমালোচকদের মুখে ছাই ছিটিয়ে, ৩৯ ছুঁই ছুঁই বয়সে নিজের ৬ষ্ঠ বিশ্বকাপে মাঠে নামলেন মেসি। নেমেই একের পর এক চমক দেখালেন। শিরোপা ধরে রাখার মিশনে প্রথম দিনেই অতিমানবীয় এক হ্যাটট্রিক করে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ফুটবল জাদুকর।

পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন তিনি। সেসঙ্গে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডও ছুঁয়ে ফেললেন। 

বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩–০ গোলে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। ৩টি গোলই করেছেন মেসি। এ হ্যাটট্রিকের পথে মেসি গড়েছেন রেকর্ড, দিয়েছেন এবারের বিশ্বকাপেও দারুণ কিছুর বার্তাও।

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৬টি বিশ্বকাপ
বুধবার মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) অংশ নেয়ার একক রেকর্ড গড়লেন মেসি। অবশ্য কয়েক ঘণ্টা পর কঙ্গোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলে তিনিও এ তালিকায় যুক্ত হবেন।

২০০ আন্তর্জাতিক ম্যাচের বিরল মাইলফলক
আজকের ম্যাচটি ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ফুটবল ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের বদর আল-মুতাওয়ার পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলের ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। দেশের হয়ে তার গোলসংখ্যা এখন ১২০টি।

আরও পড়ুন<<>>মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে দুরন্ত সূচনা আর্জেন্টিনার

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অসংখ্য হ্যাটট্রিক থাকলেও বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনও হ্যাটট্রিক পাননি মেসি। এদিন আলজেরিয়ার বিপক্ষে জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে পরাস্ত করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের বৃত্ত পূরণ করলেন তিনি।

বিশ্বকাপের বয়োজেষ্ঠ্য গোলদাতার রেকর্ড
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক (৩টি) গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি। তিনি ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিলার (৩৮ বছর ৩৪ দিন) গড়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোলের রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।

পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি
ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন ফুটবল বিশ্বকাপে গোল করার অনন্য নজির স্থাপন করলেন আর্জেন্টাইন অধিনায়ক। আরেকটি কাকতালীয় বিষয় হলো, ঠিক ২০ বছর আগের এ ১৭ জুনেই (২০০৬ জার্মানি বিশ্বকাপ) সার্বিয়ার বিপক্ষে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির!

‘রিভেলিনো’ রেকর্ড স্পর্শ
আজকের ম্যাচে দূরপাল্লার শটে গোল করার মাধ্যমে বিশ্বকাপ ক্যারিয়ারে বক্সের বাইরে থেকে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ৫টি। এর ফলে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ৫টি গোল করার যে কীর্তি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো গড়েছিলেন, এদিন সেটি স্পর্শ করলেন মেসি।

ইতিহাসের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিককারী
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে আলজেরিয়ার জাল তিনবার কাঁপিয়েছেন মেসি। এর ফলে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার এক অবিশ্বাস্য ও অনন্য রেকর্ড নিজের নামের পাশে লিখিয়ে নিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়