ছবি সংগৃহীত
সৌদি আরবে শুরু হয়েছে নতুন হিজরি বছর ১৪৪৮। আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। স্বর্ণখচিত নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন কিসওয়া উন্মোচন করা হয়।
ঐতিহ্য অনুযায়ী সাধারণত হজের সময় কাবার গিলাফ পরিবর্তন করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে মহররম মাসের শুরুতে এটি পরিবর্তনের রীতি অনুসরণ করা হচ্ছে। সে ধারাবাহিকতায় এবারও পুরনো গিলাফ সরিয়ে নতুন কিসওয়া স্থাপন করা হয়।
ইসলামের সবচেয়ে পবিত্র এ স্থাপনাকে ঘিরে প্রতিবছরের মতো এবারও সম্পন্ন হয়েছে গিলাফ পরিবর্তনের ঐতিহ্যবাহী আয়োজন। এটি ধর্মীয় আনুষ্ঠানিকতার সঙ্গে সঙ্গে সৌদি আরবের কারিগরি দক্ষতা, নান্দনিকতা ও ইসলামি শিল্প ঐতিহ্যের এক অনন্য প্রকাশ।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ১৪৪৮ হিজরি বছরের সূচনায় পবিত্র কাবায় নতুন গিলাফ পরানো হয়েছে। নতুন গিলাফ তৈরিতে ১৫০ জন সৌদি কারিগর ও শিল্পী প্রায় ১১ মাস ধরে কাজ করেছেন। তাদের দক্ষ হাতে তৈরি এ গিলাফে ব্যবহৃত হয়েছে ৪৭ খণ্ড উন্নতমানের কালো রেশমি কাপড়।
আরও পড়ুন<<>>স্ত্রীদের প্রতি যেভাবে ভালোবাসা প্রকাশ করতেন মহানবী
গিলাফ জুড়ে ৩০টি কোরআনের আয়াত রুপার সুতা ও ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপযুক্ত সুতা দিয়ে সূক্ষ্মভাবে নকশা করা হয়েছে। পুরো গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪১০ কিলোগ্রাম।
নতুন গিলাফ তৈরির প্রক্রিয়া সাতটি ধাপে সম্পন্ন হয়। এর মধ্যে ছিল পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, ছাপানো, সূচিকর্ম, সংযোজন এবং চূড়ান্ত পরীক্ষা। পরে বিশেষভাবে প্রস্তুত একটি যানবাহনে করে গিলাফটি মসজিদে হারামের মাতাফ প্রাঙ্গণে পৌঁছে দেয়া হয়।
অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধিসহ মসজিদুল হারামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নতুন কিসওয়া আনুষ্ঠানিকভাবে কাবা শরিফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
নিয়ম অনুযায়ী পুরোনো গিলাফ ছোট ছোট অংশে কেটে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছে স্মারক হিসেবে বিতরণ করা হয়।
পবিত্র কাবার এ নতুন গিলাফ ইসলামি শিল্পকলার এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর এর মাধ্যমে সৌদি আরব মুসলিম বিশ্বের কাছে তাদের ঐতিহ্য, শিল্পদক্ষতা ও হারামাইনের প্রতি বিশেষ যত্নের বার্তা তুলে ধরে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































